দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল ১১টায় শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদের নেতৃত্বে আয়োজিত সমাবেশে শহরের বিভিন্ন সড়ক থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন।
সমাবেশ শেষে ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুবদল একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী সংগঠন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণতন্ত্র রক্ষা, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং যুবসমাজের কল্যাণে রাজপথে ভূমিকা রেখে আসছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনগুলোতেও যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।
বক্তারা আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। সিরাজগঞ্জে বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে জেলা যুবদল সক্রিয় ছিল এবং ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনে প্রস্তুত রয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস ও নাজমুল হাসান তালুকদার রানা, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান হাসান এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এমএস/